উদ্দীপকে আবির, আকিব ও বাবা রহিম সাহেবের সাথে যথাক্রমে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদকে তুলনা করা যায়। এই তিনটি পদের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। নিচে তা বিশ্লেষণ করা হলো- সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে। এদের মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং তৃতীয়টি হলো সিদ্ধান্ত। সিদ্ধান্তটি আশ্রয়বাক্য দুটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে। এই পদটি প্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে সংযুক্ত। মধ্যপদের মধ্যস্থতায় এই পদটি শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসে অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে। আবার সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ । এই পদটি অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে যুক্ত থাকে। মধ্যপদের মধ্যস্থতায় এই পদটি সিদ্ধান্তে এসে প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে।সহানুমানে মধ্যপদ বা হেতুপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মধ্যপদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যের পাশাপাশি 'প্রধান পদ' ও 'অপ্রধান পদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে।উদ্দীপকে আবিরকে প্রধান পদ, আকিবকে অপ্রধান পদ এবং বাবা রহিম সাহেবকে মধ্যপদ বলা যায়। কারণ রহিম সাহেবের মধ্যস্থতায় অর্থাৎ মধ্যপদের ভূমিকায় আবির ও আকিবের বা প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে।পরিশেষে বলা যায়, সহানুমানে প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক প্রকাশ পায় ।