দৃশ্যকল্প-১ ও ২ এর অন্তর্ভুক্ত অনুমান দুটি যথাক্রমে অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানকে নির্দেশ করে। নিচে অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ করা হলো-
যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন— 'সকল ফল হয় সুন্দর। অতএব, কিছু সুন্দর বস্তু হয় ফল।' অন্যদিকে, আর যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন— সকল ফল হয় সুন্দর । পেয়ারা হয়, একটি ফল । অতএব, পেয়ারা হয় সুন্দর।
অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়। কিন্তু মাধ্যম অনুমানে সিদ্ধান্ত একাধিক আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়। অমাধ্যম অনুমানের একটি যুক্তিতে সর্বমোট দুইটি যুক্তিবাক্য থাকে । পক্ষান্তরে, মাধ্যম অনুমানের একটি যুক্তিতে সাধারণত তিনটি যুক্তিবাক্য থাকে। অমাধ্যম অনুমানকে অনেকে প্রকৃত অনুমান বলে স্বীকার করে না। কারণ এখানে জানা থেকে অজানায় উত্তরণের কোনো সুযোগ নেই। এর সিদ্ধান্ত শুধু আশ্রয়বাক্যের পুনরুক্তি করে। এটি নতুন সত্যের সন্ধান দিতে পারে না। কিন্তু মাধ্যম অনুমান হলো একটি যথার্থ অনুমান। এতে জানা থেকে অজানায় উত্তরণের সুযোগ রয়েছে। এর সিদ্ধান্ত কিছুটা হলেও নতুন সত্যের সন্ধান দিতে পারে।
আলোচনা শেষে বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অমাধ্যম ও মাধ্যম অনুমান অবরোহ অনুমানের দুইটি প্রকার হওয়ায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।