উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য হয়নি।
যেকোনো সহানুমানেরই তিনটি পদ থাকে, এর মধ্যে মধ্যপদ অন্যতম। সহানুমানে মধ্যপদের সাহায্যে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদ এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয় এবং মধ্যপদের মধ্যস্থতায় আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি হয় এবং সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু সহানুমানের ৩য় নিয়ম অনুযায়ী সহানুমানের মধ্যপদকে আশ্রয় বাক্যে একবার ব্যাপ্য হতে হবে। সহানুমানে মধ্যপদ আশ্রয়বাক্য দুটিতে একবারও ব্যাপ্য না হলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ 'সুন্দর' পদটি মধ্যপদ, কারণ এটি উভয় আশ্রয়বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। কিন্তু উদ্দীপকে 'সুন্দর' পদটি উভয় আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু উভয় আশ্রয়বাক্য সার্বিক সদর্থক বাক্য তাই আশ্রয়বাক্য দুটির বিধেয় পদ অব্যাপ্য। মধ্যপদ 'সুন্দর' উভয় আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার কারণে একবারও ব্যাপ্য হয়নি, যা সহানুমানের নিয়ম বিরোধী কেননা সহানুমানের নিয়ম অনুযায়ী, মধ্যপদকে উভয় আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ মধ্যপদ একবারও ব্যাপ্য না হওয়ায় দৃষ্টান্তটিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।