দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ যথাক্রমে অবরোহ অনুমান এবং আরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে উভয় অনুমানের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো-
দৃষ্টান্ত-১ এ বর্ণিত, 'সকল মানুষ হয় মরণশীল। X হয় একজন মানুষ। সুতরাং X হয় মরণশীল।' এখানে সার্বিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। কারণ যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত সার্বিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। এই অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। পাশাপাশি অবরোহ অনুমানে কেবল আকারগত সত্যতা যাচাই করা হয়।
অন্যদিকে, দৃষ্টান্ত-২ এ বর্ণিত, 'X হয় মরণশীল। Y হয় মরণশীল। Z হয় মরণশীল। সুতরাং, সকল মানুষ হয় মরণশীল।' এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত প্রত্যক্ষ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি আরাহ অনুমানের দৃষ্টান্ত। কারণ যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আরোহ অনুমান বলে। এই অনুমানের সিদ্ধান্ত সব সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। পাশাপাশি আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা যাচাই করা হয়।
সুতরাং বলা যায় যে, দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ পরিলক্ষিত অবরোহ অনুমান এবং আরোহ অনুমান উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।