উদ্দীপকে অবরোহ অনুমান ও আরোহ অনুমান দুটি নির্দেশিত হয়েছে। নিচে উভয়ের অনুমানগত পার্থক্য বিশ্লেষণ করা হলো-
যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন- উদ্দীপকের নাদিমের মা বলেন, "যেহেতু এ গ্রামের সব যুবক হয় ভালো ফুটবল খেলোয়ার। নাদিম এ গ্রামেরই যুবক। অতএব, সে হয় ভালো ফুটবল খেলোয়ার।" এখানে বেশি ব্যাপক আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয়েছে বিধায় এটি অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত। অন্যদিকে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য সিদ্ধান্তরূপে অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের নুনছড়া গ্রামের নেতারা বলেন, 'জয় হয় ভালো ফুটবল খেলোয়ার, বিজয় হয় ভালো ফুটবল খেলোয়ার, আনন্দ হয় ভালো ফুটবল খেলোয়ার। সুতরাং একথা বলা যায় যে, এ গ্রামের সব যুবকরাই ভালো ফুটবল খেলোয়ার।' এখানে বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিধায় এটি আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত।