উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য এবং দ্বিতীয় যুক্তিবাক্যটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। এ যুক্তিবাক্য দুটির বিধেয় পদ হিসেবে 'সবুজ' পদটি রয়েছে। উভয় যুক্তিবাক্যে 'সবুজ' পদটির ব্যাপ্যতার বি য়টি তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হলো-
পদের ব্যাপ্যতা পদের ব্যক্ত্যর্থের সাথে সম্পর্কিত। কোনো একটি পদ যখন তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থের ভিত্তিতে প্রকাশিত হয় তখন তাকে ব্যাপ্য পদ বলে। আর যখন কোনো একটি পদ আংশিক ব্যক্ত্যর্থের ভিত্তিতে প্রকাশিত হয় তখন তাকে অব্যাপ্য পদ বলে। উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি হলো- 'সব গাছ হয় সবুজ' বাক্যটিতে বিধেয় পদ সবুজ গাছের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করায় এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A যুক্তিবাক্যে পরিণত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকের প্রথম যুক্তিবাক্যে 'সবুজ' পদটি সার্বিক যুক্তিবাক্যের বিধেয় হিসেবে অবস্থান করায় প্রথম যুক্তিবাক্যে 'সবুজ' পদটি অব্যাপ্য।
অপরদিকে, দ্বিতীয় যুক্তিবাক্যটি হলো- 'কোনো ফুল নয় সবুজ' বাক্যটিতে বিধেয় পদ সবুজ ফুলের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করায় এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্যে পরিণত হযেছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। উদ্দীপকের দ্বিতীয় যুক্তিবাক্যে 'সবুজ' পদটি বিধেয় হিসেবে অবস্থান করায় দ্বিতীয় যুক্তিবাক্যে 'সবুজ' পদটি ব্যাপ্য হয়েছে।
পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের প্রথম যুক্তিবাক্যে সবুজ পদটি অব্যাপ্য এবং দ্বিতীয় যুক্তিবাক্যে সবুজ পদটি ব্যাপ্য হয়েছে।