উদ্দীপকে উল্লিখিত ৩টি যুক্তিবাক্যের মধ্যে প্রথম দুটিতে 'লাল' পদটি অব্যাপ্য এবং তৃতীয় বাক্যে 'লাল' পদটি ব্যাপ্য।
ব্যাপ্যতার নিয়মানুসারে- সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় ব্যাপ্য হয়। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে সেই পদটিকে বলে পূর্ণব্যাপ্য বা ব্যাপ্য পদ (Fully Distributed Term)। অপরদিকে, কোনো যুক্তিবাক্যে একটি পদ তার আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে তাকে অব্যাপ্য বা আংশিক ব্যাপ্য পদ বলে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল।' এখানে 'মানুষ' পদটি সমগ্র ব্যক্ত্যর্থে ব্যবহৃত হওয়াতে এবং সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ হওয়ায় তা ব্যাপ্য। অন্যদিকে 'মরণশীল' পদটি সদর্থক বাক্যের বিধেয় হওয়ায় অব্যাপ্য।
উদ্দীপকে ১ম যুক্তিবাক্য 'সব ফুল হয় লাল' সার্বিক সদর্থক হওয়ায় এর উদ্দেশ্য ব্যাপ্য এবং বিধেয় অব্যাপ্য। অর্থাৎ ১ম যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য। ২য় যুক্তিবাক্য- 'কিছু ফুল হয় লাল' বিশেষ সদর্থক হওয়ায় এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। অর্থাৎ, ২য় যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য। ৩য় যুক্তিবাক্য- 'কিছু ফুল নয় লাল' বিশেষ নঞর্থক হওয়ায় এর উদ্দেশ্য অব্যাপ্য এবং বিধেয় ব্যাপ্য। অর্থাৎ ৩য় যুক্তিবাক্যে 'লাল' পদটি ব্যাপ্য।
সুতরাং, উদ্দীপকে প্রদত্ত তিনটি যুক্তিবাক্যের তুলনামূলক বিশ্লেষণ করে ব্যাপ্যতার নিয়মানুসারে বলা যায়, ১ম ও ২য় যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য এবং ৩য় যুক্তিবাক্যে 'লাল' পদটি ব্যাপ্য।