উদ্দীপকে বর্ণিত 'দৃশ্যপট-১' ও 'দৃশ্যপট-২' যথাক্রমে আকস্মিক ও সম্ভাবনাকে নির্দেশ করে। নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো-
১. যে ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না, আবার ঘটনাটি অনিশ্চিত তাও বলা যায় না এমন ঘটনা হলো সম্ভাব্য ঘটনা। অন্যদিকে, কার্যকারণ সম্পর্কবিহীন অপ্রত্যাশিত বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাকে আকস্মিক ঘটনা বলে।
২. সম্ভাবনাকে নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা বলা হয়। অর্থাৎ, এ দুই অবস্থার মাঝামাঝি সম্ভাবনাকে বিরাজ করে। অন্যদিকে, আকস্মিকতার কোনো মধ্যবর্তী অবস্থা নেই। এখানে কোনো পূর্বাভাস ছাড়াই ঘটনা ঘটে থাকে।
৩. সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। অর্থাৎ, সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কম হয়। তবে কোনোভাবেই সেটি নিশ্চয়তায় পৌঁছায় না। অন্যদিকে, আকস্মিকতা কোনো মাত্রাগত ব্যাপার নয়। এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আকস্মিকতার মাত্রা নির্ণয় করা যায়।
৪. সম্ভাবনার ক্ষেত্রে ঘটনা কার্যকারণ সম্পর্কে আমাদের আংশিক জ্ঞান থাকে। অর্থাৎ সম্ভাবনার ভিত্তিমূলে কাজ করে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতা। অন্যদিকে, আকস্মিকতার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকে। এক্ষেত্রে আমরা ঘটনাটির কারণ নির্ণয় করতে অপারগ।
৫. সম্ভাবনাকে বিভিন্ন সূত্র ব্যবহার করে পরিমাপ করা যায়। অর্থাৎ, বিভিন্ন ঘটনার সম্ভাবনা পরিমাপযোগ্য। অন্যদিকে, আকস্মিকতা পরিমাপের কোনো নিয়ম নেই। তাই আকস্মিক ঘটনা পরিমাপ করা যায় না।
পরিশেষে বলা যায়, সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। সম্ভাবনার ক্ষেত্রে কারণ সম্পর্কে আংশিক জ্ঞান থাকলেও আকস্মিকতার ক্ষেত্রে আমাদের কিছুই জানা থাকে না।