উদ্দীপকে মারিয়ার বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ হলেও সামিয়ার বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ নয় । নিচে উভয়ের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লেষণ করা হলো—
কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তাকে বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা বাস্তবসম্মত হতে হয়। কারণ কোনো প্রকল্প বাস্তব ঘটনার সাথে অসামঞ্জস্য কিংবা স্ববিরোধী বা অপ্রাসঙ্গিক হলে তা অবৈধ প্রকল্প হিসেবে বিবেচিত হয়। যেমন— উদ্দীপকে বর্ণিত ঘটনায় সামিয়া বলে, 'মোবাইল ফোনটি মনে হয় ভূতে নিয়ে গিয়েছে।' তার এই প্রাথমিক অনুমান একটি অবৈধ প্রকল্প কারণ যেকোনো ঘটনাকে ব্যাখ্যা করতে হলে সংশ্লিষ্ট প্রকল্পকে বাস্তবভিত্তিক হতে হবে। কিন্তু মোবাইল ফোনটি খুঁজে না পাওয়ার কারণ হিসেবে ভূতের ধারণা অনুমান করাটা বাস্তবভিত্তিক নয়।
অন্যদিকে, মারিয়ার বক্তব্য হলো, 'ব্যাগের চেইন খোলা, মোবাইল ফোনটি নিশ্চিত চুরি হয়ে গিয়েছে।' তার এই বক্তব্য বাস্তব ঘটনাভিত্তিক ও প্রাসঙ্গিক। এ কারণে তার বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সাদৃশ্যপূর্ণ।
পরিশেষে বলা যায়, একটি বৈধ প্রকল্প সর্বদাই সুনির্দিষ্ট, আত্মসঙ্গতিপূর্ণ এবং বাস্তব কারণভিত্তিক হবে। যার দৃষ্টান্ত উদ্দীপকের মারিয়ার বক্তব্যে পরিলক্ষিত হলেও সামিয়ার বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এ কারণে মারিয়ার বক্তব্য হলো বৈধ প্রকল্প কিন্তু সামিয়ার বক্তব্য অবৈধ প্রকল্প।