উদ্দীপকে অমি ও জনির বক্তব্য যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখার দৃষ্টান্ত।অমি 'জোয়ার-ভাটা'র কারণ হিসেবে মনগড়া ব্যাখ্যা দিয়েছে। আর যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। সর্বোপরি লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। অন্যদিকে, জোয়ার-ভাটার কারণ হিসেবে জনি চাঁদের আকর্ষণের বিষয়টি উল্লেখ করে। তার এই বক্তব্যটি মৌলিক এবং মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক। এ কারণে জনির বক্তব্য হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত। কারণ যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে।বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। কারণ এখানে ঘটনার এমন কতগুলো দিক বিবেচনা করে ব্যাখ্যা করা হয় যা সকল ক্ষেত্রে একই রকম হয়ে থাকে। কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাখ্যার বক্তব্য যাচাইযোগ্য। অর্থাৎ সংশ্লিষ্ট ঘটনার যে ব্যাখ্যা প্রদান করা হয় তার যথার্থতা যাচাই করা যায়। কিন্তু লৌকিক ব্যাখ্যার যথার্থতা যাচাইযোগ্য নয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে অমি ও জনির বক্তব্যেপরিলক্ষিত হয়।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। এ কারণে বলা যায়, উদ্দীপকের অমি ও জনির বক্তব্যে পার্থক্য বিদ্যমান।