রাহাতের মা এবং বাবার বক্তব্য যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে উভয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। কিন্তু লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয় না। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। এখানে কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। সর্বোপরি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেহেতু প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাই এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা প্রদান করে থাকে।