তথ্য-১ এ চন্দ্রগ্রহণের কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা দেওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে এবং তথ্য-২ চন্দ্রগ্রহণের ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তি রাহু নামক বিরাট দৈত্যের কথা বলায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। এ দুটি ব্যাখ্যার মধ্যে বহুবিধ পার্থক্য বিদ্যমান। প্রথমত, যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অপরপক্ষে, যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোন ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।" দ্বিতীয়ত, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় বাহ্যিক কিছু সাদৃশ্যের প্রতি দৃষ্টি দিয়ে ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। তৃতীয়ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত। তাই সব ক্ষেত্রেই ব্যাখ্যা একইরূপ হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। কারণ বিভিন্ন লোকের দৃষ্টিভঙ্গি, শিক্ষা, বিশ্বাস ইত্যাদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। চতুর্থত, বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মকে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ বিশেষ ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। পঞ্চমত, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কুসংস্কারের কোনো স্থান নেই। কিন্তু লৌকিক ব্যাখ্যা কুসংস্কারে পরিপূর্ণ।
উপর্যুক্ত আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে, তথ্য-১ এবং তথ্য-২ এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।