দৃশ্যপট-২-এ অসাধু সাদৃশ্যমূলক অনুমান প্রতিফলিত হয়েছে। আর দৃশ্যপট-৩-এ সাধু সাদৃশ্যমূলক অনুমান প্রতিফলিত হয়েছে। নিচে সাধু ও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ করা হলো-১. সাধু সাদৃশ্যানুমানে অনেক মৌলিক, প্রাসঙ্গিক ও আবশ্যক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে অমৌলিক, অপ্রাসঙ্গিক ও অনাবশ্যক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়।২. সাধু সাদৃশ্যানুমানে অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে এটি সত্য হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে অনেক অমৌলিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে অধিকাংশ ক্ষেত্রেই এটি মিথ্যা হয়।৩. সাধু সাদৃশ্যানুমানে বিভিন্ন মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য থাকার কারণে এখানে কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক ও গুরুত্বহীন হওয়ায় কার্যকারণ সম্পর্কের তেমন কোনো সম্ভাবনা থাকে না।৪. সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তে আরোপিত গুণের পরিমাণ অধিক হয় না। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তে আরোপিত গুণের পরিমাণ অধিক হতে পারে। ৫. সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কেবল সম্ভাব্যই নয়, অনেক ক্ষেত্রে নিশ্চিত হতে পারে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কেবল কম সম্ভাব্যই নয়, ভ্রান্ত হয়ে থাকে। ৬. সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ায় অনুপপত্তির তেমন কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমান হলো এক প্রকার অনুপপত্তি।৭. সাধু সাদৃশ্যানুমানে অজ্ঞাত ও বৈসাদৃশ্য জ্ঞাপক বিষয়ের তুলনায় সাদৃশ্য জ্ঞাপক বিষয়ের সংখ্যা বেশি থাকায় এর গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পায়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে অজ্ঞাত ও বৈসাদৃশ্য জ্ঞাপক বিষয়ের সংখ্যা বেশি থাকায় এর গুরুত্ব অনেকাংশে হ্রাস পায়। ৮. সাধু সাদৃশ্যানুমানের মাধ্যমে সার্বিক অনুমান করার শিক্ষা পাওয়া যায়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে ভ্রান্ত অনুমানের শিক্ষা পাওয়া যায়। তাই বলা যায়, সাধু ও অসাধু উভয়ই সাদৃশ্যানুমানের দুটি শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে সাধু সাদৃশ্যানুমান বেশি গুরুত্বপূর্ণ। সাদৃশ্যানুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এ অনুমানের মধ্যে বিদ্যমান আছে।