উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ সাধু সাদৃশ্যানুমান এবং দৃষ্টান্ত-২ এ অসাধু সাদৃশ্যানুমান পরিলক্ষিত হয়। সাধু ও অসাধু সাদৃশ্যানুমান দুটি আলাদা সাদৃশ্যানুমান। কারণ-
১. যে সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অপরপক্ষে, যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে।
২. সাধু সাদৃশ্যানুমানে বৈসাদৃশ্যের চেয়ে সাদৃশ্যের সংখ্যা বেশি থাকে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি হয়ে থাকে।
৩. সাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের একটি সম্ভাবনা থাকে। কারণ এখানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যগুলো অনেক সময় আবশ্যিক সম্পর্কে সম্পর্কযুক্ত হতে পারে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের কোনো সম্ভাবনা থাকে না। কেননা কোনো অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয় কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত হতে পারে না।
৪. সাধু সাদৃশ্যমূলক অনুমানের বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিধায় এর সিদ্ধান্ত অধিক সম্ভাব্য এমনকি নিশ্চিতও হতে পারে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিধায় এ প্রকার সাদৃশ্যানুমান একটি ভ্রান্ত প্রক্রিয়া।
৫. সাধু সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। অন্যদিকে, অসাধু সাদৃশ্যমূলক অনুমান কোনো বিজ্ঞানসম্মত প্রক্রিয়া নয়। কারণ কোনো অপ্রাসঙ্গিক ও অমৌলিক বিষয় বিজ্ঞানসম্মত প্রক্রিয়া হতে পারে না।
পরিশেষে বলা যায়, সাধু ও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার সাদৃশ্যানুমানের মধ্যে সাধু সাদৃশ্যানুমানের মধ্যে অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।