মমিনের বক্তব্যে যুক্তিসাম্যমূলক আরোহের প্রকাশ ঘটেছে।
যুক্তিসাম্যমূলক আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। এ আরোহে প্রথমে একটি বিশেষ দৃষ্টান্ত প্রমাণ করা হয়। এরপর ঐ দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সমজাতীয় অন্যান্য সকল দৃষ্টান্ত প্রমাণ করা হয়। যুক্তিসাম্যমূলক আরোহ সম্পর্কে ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) বলেন, 'যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণিভুক্ত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়। এই নীতির ওপর নির্ভর করে একটি সার্বিক বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে।' বস্তুত এ আরোহের অনুমান প্রক্রিয়া জ্যামিতিতে বিশেষভাবে প্রয়োগ করা হয়।
উদ্দীপকে বর্ণিত ঘটনায় মমিন বলে, একটি ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ । সুতরাং জগতের সকল ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ তার বক্তব্যে জ্যামিতিক দৃষ্টান্ত পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি একটি নীতির ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে বলা যায়, মমিনের বক্তব্যে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকাশ পেয়েছে।