উদ্দীপকের 'তথ্য-১' ও 'তথ্য-২ এর মধ্যে 'তথ্য-২ যৌক্তিক সংজ্ঞা। কেননা 'তথ্য-২' এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ করা হয়েছে।নিচে যুক্তি দেওয়া হলো-যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পদটির জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করলে এবং গুণটি অবান্তর হলে সংজ্ঞায় যে অনুপপত্তি হয় তাকে অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। উদ্দীপকের 'তথ্য-১' এ 'মানুষ' পদের সংজ্ঞায় 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব' এরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে যেখানে 'দ্বিপদ' গুণটি 'অবান্তর লক্ষণ'। তাই 'তথ্য-১' এর সংজ্ঞায় অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অপরপক্ষে, যৌক্তিক সংজ্ঞায় প্রথম নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি নয়। উদ্দীপকের 'তথ্য-২' এ 'মানুষ' পদের সংজ্ঞায় 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব' এরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে 'মানুষ' পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। এছাড়া যৌক্তিক সংজ্ঞার অন্যান্য নিয়মও এখানে অনুসরণ করা হয়েছে। তাই বলা যায়, তথ্য-২ এর সংজ্ঞা সঠিক।