উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করায় রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে।
কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো- সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলঙ্কারিক শব্দ বা ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয়, সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ-সরল ও সকলের বোধগম্য ভাষায় ব্যক্ত হওয়া দরকার। সে কারণে সংজ্ঞার অপ্রাসঙ্গিক, রূপক ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করা উচিত নয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'সিংহ'-এর সংজ্ঞায় বলা হয়েছে, "সিংহ হয় বনের রাজা.।" এই সংজ্ঞায় 'সিংহ'-এর রূপক ভাষা 'বনের রাজা' ব্যবহার করা হয়েছে। -ফলে দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।