উদ্দীপকের মাইশার উত্তরের সঙ্গে আমি একমত। কেননা দ্রব্য, আনন্দ ইত্যাদি পদের সংজ্ঞা প্রদান করা যায় না।
যৌক্তিক সংজ্ঞা হলো একটি পদের জাত্যর্থের পরিপূর্ণ বিবৃতি। তাই কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে পদটির পূর্ণ জাত্যর্থ আবশ্যিকভাবে উল্লেখ করতে হয়। এক্ষেত্রে সংজ্ঞায় পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করতে হয়। কিন্তু এমন অনেক পদ আছে যেগুলোর আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করা যায় না। যেসব ক্ষেত্রে কোনো পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না সেক্ষেত্রে পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। এসব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ।
উদ্দীপকের মাইশা তার বক্তব্যে 'দ্রব্য, আনন্দ' পদ দুটি সংজ্ঞার অযোগ্য বলে অভিহিত করেছে। 'দ্রব্য' হলো পরতম জাতি। এই জাতির চেয়ে বৃহত্তম কোনো জাতি নেই বিধায় এটির আসন্নতম জাতির উল্লেখ করা যায় না । তাই 'দ্রব্য' পদটির সংজ্ঞা প্রদান করা যায় না। আর 'আনন্দ' পদটি মনের একটি মৌলিক অনুভূতি। এটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। তাই 'আনন্দ' পদেরও সংজ্ঞা প্রদান করা যায় না।
যেহেতু 'দ্রব্য', 'আনন্দ' পদ দুটির ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়ম প্রয়োগ করে সংজ্ঞা প্রদান করা যায় না, তাই মাইশার বক্তব্যের সাথে আমি একমত।