উদ্দীপকের ছক-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী প্রতিটি জাতি বা শ্রেণিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হয়, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যায় না। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, কোনো জাতি বা শ্রেণির বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপকের ছক-১ এ প্রাণী পদটির যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দিয়ে শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষ এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের ছক-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।