উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি হলো মূল্যবোধ। এ মূল্যবোধের বিভিন্ন প্রকারভেদ রয়েছে।মূল্যবোধ হলো এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত। সমাজ স্থান-কাল-পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।আধুনিক সমাজ গবেষকগণ এ মূল্যবোধকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন।যেমন- গণতান্ত্রিক মূল্যবোধ। এরূপ মূল্যবোধ সমাজে বা রাষ্ট্রে নাগরিকদের গণতান্ত্রিক আচরণে অভ্যস্ত করে তোলে। মূল্যবোধের আরেকটি ধরন হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের বিভিন্ন মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। এগুলো মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে। আবার, রাজনৈতিক মূল্যবোধ নাগরিকের মাঝে রাজনৈতিক আদর্শ, আনুগত্য, পরমতসহিষ্ণুতা, দেশপ্রেম ইত্যাদি শিক্ষাদান করে। অর্থনৈতিক মূল্যবোধ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক কার্যাবলি সম্পন্ন করতে যে মূল্যবোধ মানুষ চর্চা করে। অর্থ লেনদেন, ব্যবসায়-বাণিজ্য, ক্রয়-বিক্রয় ইত্যাদি এ মূল্যবোধের সাথে জড়িত। নৈতিক মূল্যবোধ মূল্যবোধের অন্য একটি ধরন। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের ভিত্তি। এছাড়া মূল্যবোধের আরও অনেক শ্রেণিবিভাগ লক্ষ করা যায়। যেমন- জাতীয় মূল্যবোধ, বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ, শারীরিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ প্রভৃতি।