উদ্দীপকের ঔষধ ব্যবসায়ী সিয়ামের লাইসেন্স দ্রুত নবায়নের ক্ষেত্রে ই-গভর্নেন্স প্রক্রিয়াটি কাজ করেছে।
ইলেকট্রনিক গভর্নেন্সকে সংক্ষেপে ই-গভর্নেন্স (E-governance) বলা হয় । সরকারি তথ্য ও সেবা ইন্টারনেটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স সরকারি তথ্যভাণ্ডার ও কার্যক্রমের সাথে জনগণকে সংযুক্ত করে। এছাড়া এ প্রক্রিয়ায় সরকারের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অন্যান্য দেশের সরকারের তথ্য ও সেবা আদান- প্রদানের ব্যবস্থাও থাকে। ই-গভর্নেন্সের মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় । ই-গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে অংশগ্রহণে সক্ষম করে তোলার মাধ্যমে শাসনব্যবস্থাকে সহজ ও উন্নত করা।
উদ্দীপকে দেখা যায়, সিয়াম তার ঔষধ ব্যবসায়ের লাইসেন্স নবায়ন করার জন্য ঔষধ প্রশাসনের কার্যালয়ে গেলে দায়িত্বরত কর্মকর্তা তাকে সব ধরনের সহযোগিতা করেন। সিয়াম লাইসেন্স নবায়নের আবেদন জমা দেওয়ার কিছুদিন পর তার মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হয়, লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন হয়েছে। ই-গভর্নেন্স ব্যবস্থার ফলে এ কাজটি সহজে সমাধান করা সম্ভব হয়েছে। ই- গভর্নেন্সে সময় বাঁচে এবং কাজের খরচও কমে। এর মাধ্যমে জনগণ অনলাইনে সরকারি কর বা বিভিন্ন ফি এবং গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি পরিসেবার বিল পরিশোধ করতে পারে। ই-গভর্নেন্সের সুবাদেই জনগণ অনলাইনে খুব সহজে সরকারের কাছে বিভিন্ন আবেদন জমা দিতে পারে। ব্যবসায়ীরাও ই-গভর্নেন্সের মাধ্যমে টেন্ডারে অংশ নেওয়াসহ বিভিন্নভাবে উপকৃত হতে পারে। উদ্দীপকের সিয়াম এ ধরনের শাসনব্যবস্থারই সুফল ভোগ করছেন।