উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার চরিত্র ও কর্মকাণ্ডের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র ও কর্মকাণ্ডের মিল রয়েছে । বাংলাদেশ নামক দেশটির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি ওতপ্রোতভাবে জড়িত। বাংলার মানুষকে পাক সরকারের অত্যাচার, নির্যাতন থেকে মুক্ত করতে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত করেছিলেন। তার উদারতা, উপস্থিত বুদ্ধি, প্রখর বক্তব্য ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে জন্ম হয় বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
দয়া, সরলতা, উদারতা, উপস্থিত বুদ্ধি, প্রখর বক্তব্য প্রভৃতি গুণাবলি নেলসন ম্যান্ডেলাকে বিশ্বের দরবারে এক মহানায়কের চরিত্রে প্রতিষ্ঠিত করেছে। রাজনীতির ক্ষেত্রে তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি স্বৈরাচারী শাসকের শোষণের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন। ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে রচিত হয়েছে বাঙালি জাতির মুক্তির পথ। তিনি তার সরলতা, দয়া, নেতৃত্ব, উদারতা, উপস্থিত বুদ্ধি ও প্রখর বক্তৃতার দ্বারা আজও বাঙালি জাতির ইতিহাসে মহানায়কের স্থান দখল করে আছেন। তিনি রাজনীতির ক্ষেত্রেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পাকিস্তানবিরোধী বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দানের জন্য ২৪ বছরের পাকিস্তানি শাসনের ১২ বছর কারাগারে কাটান তিনি। তারপরও তিনি বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যান। সুতরাং, চারিত্রিক বৈশিষ্ট্য ও কর্মকাণ্ডের দিক দিয়ে নেলসন ম্যান্ডেলা যেন বঙ্গবন্ধুরই প্রতিরূপ ।