উদ্দীপকে নির্দেশিত সমস্যা তথা খাদ্যে ভেজাল সমস্যা সমাধানে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।খাদ্যে ভেজাল একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা মানুষের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। খাদ্যে রাসায়নিক দ্রব্যের প্রয়োগ যেমন প্রাণহানির কারণ হতে পারে, তেমনি নাগরিক জীবনের নিরাপত্তা ও আস্থাকেও চরমভাবে বিঘ্নিত করে। খাদ্যে ভেজাল সমস্যা প্রতিরোধে নাগরিকদের প্রথম করণীয় হলো-বাজারে প্রচলিত অস্বাভাবিকভাবে পাকা ফল বা সন্দেহজনক খাদ্যসামগ্রী সম্পর্কে সতর্ক থাকা এবং তা কেনা থেকে বিরত থাকা। দ্বিতীয়ত, কোনো খাদ্যসামগ্রী কেনার আগে তার উৎস, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করা উচিত। নাগরিকদের উচিত গণমাধ্যমে প্রচারিত খাদ্যে ভেজালের প্রভাব ও প্রতিকারের বিষয়ে সচেতন থাকা। কারও বিরুদ্ধে খাদ্যে রাসায়নিক ব্যবহারের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করাও নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক পরিবেশে খাদ্য সচেতনতা বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা রাখা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। মোবাইল কোর্টের কার্যক্রমে সহায়তা ও সমাজে ভেজালবিরোধী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নাগরিকরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অবদান রাখতে পারে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, সতর্কতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একজন নাগরিক খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে, যা সুস্থ জাতি গঠনে সহায়ক হবে।