উদ্দীপকে উল্লেখিত বিষয়টি অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিশ্বে মনুষ্য বসতির পরিবেশ পরিপন্থি নানা ধরনের প্রভাব ফেলতে পারে।
জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশ্বব্যাপী যে সমস্ত প্রভাব পড়তে পারে তা হল—
১. ঋতু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী ঋতু পরিবর্তন দেখা দিতে পারে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ইত্যাদি এ পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করবে।
২. বৃষ্টিপাত হ্রাস: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে। এর ফলে খরা, মরুকরণ ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। যা বিশ্বব্যাপী কৃষিব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
৩. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল, ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাংলাদেশ ইদানীং প্রায় প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে।
৪. সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধি: জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে বাংলাদেশে এ প্রভাব শুরু হয়েছে। দেশের সমুদ্র উপকূলে লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং সুপেয় পানির অভাব দেখা যাচ্ছে।
৫. জীব বৈচিত্র্য ধ্বংস: জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের ওপর। বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী ম্যানগ্রোভ বনগুলো ধ্বংস হচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে জীবজগতে এর নানা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য যা ভবিষ্যৎ বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি।