দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিষয়গুলোর আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ হলো এটি একাধারে বিজ্ঞান ও কলা।
যুক্তিবিদ্যা হলো একইসাথে বিজ্ঞান ও কলা। প্রকৃতির কোনো বিভাগ সম্বন্ধে সুনির্দিষ্ট জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞান সাধারণত নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান দান করে। আর কলাবিদ্যা এ তত্ত্বগত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। অর্থাৎ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়মাবলি শিক্ষা দেয়। যেমন— নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান পরিচালনা করতে হবে। শৈল্য চিকিৎসাবিদ্যা শেখায় কীভাবে অস্ত্রোপচার করতে হবে। একইভাবে যুক্তিবিদ্যাও বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি প্রণয়ন করে এবং কলা হিসেবে তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের শিক্ষা দেয়।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, পিটার ড্রাইভিং প্রশিক্ষণে ভর্তি হলে প্রথম কয়েকটি ক্লাসে প্রশিক্ষক তাকে ড্রাইভিং সম্পর্কিত যাবতীয় নিয়মকানুন, গাড়ি, রাস্তা, ট্রাফিক ইত্যাদি বিভিন্ন বিষয়ে জ্ঞান দিলেন । অর্থাৎ তত্ত্বগত এ জ্ঞান অর্জনের বিষয়টি দ্বারা বিজ্ঞান হওয়া বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর পরবর্তী ক্লাসগুলোতে সেই নিয়ম অনুসারে কীভাবে গাড়ি চালাতে হবে সেই শিক্ষা দেওয়ার মাধ্যমে ঐ তত্ত্বগত জ্ঞানকে বাস্তবক্ষেত্র প্রয়োগ করার বিষয় নির্দেশ করা হয়েছে। তাই এটি যুক্তিবিদ্যার ব্যবহারিক দিক বা কলা হওয়ার ইঙ্গিত দেয়।
আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর বিষয়গুলো দ্বারা যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলা উভয়ই হওয়াকে নির্দেশ করা হয়েছে।