বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী হচ্ছে বিচার বিভাগ। কারণ সমাজ জীবনের সম্ভাব্য সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে প্রধান শক্তিই হলো স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ।
বিচার বিভাগ আছে বলেই একটি দেশের সরকার সংবিধানের নির্দেশমতো চলতে বাধ্য হয়। বিনা অপরাধে পক্ষপাতদুষ্ট বিচারে কোনো মানুষ যেন শাস্তি না পায়, আবার বিচারককে প্রভাবিত করে কোনো দুষ্টচক্র যেন পার না পেয়ে যায়- এ দুটি দিকেই সতর্ক দৃষ্টি রেখে আইনানুগভাবে ন্যায়নিষ্ঠ দায়িত্ব পালন করা বিচারকদের প্রধান কাজ। গণতন্ত্রকে সুরক্ষিত এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করতে হবে। কোনো দেশের বিচার বিভাগের কার্যকারিতা পর্যবেক্ষণ করলে সেদেশের নৈতিক আদর্শ ও মূল্যবোধকে অনুধাবন করা যায়।
বিচার বিভাগ ব্যক্তিস্বাধীনতা ও অধিকারের রক্ষাকর্তা। তাই বিচার বিভাগকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মানুষের অধিকার, সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা।
পরিশেষে বলা যায়, "বিচার বিভাগের কর্মকুশলতা অপেক্ষা সরকারের যোগ্যতা বিচার করার অধিকতর উপযোগী মানদণ্ড আর নেই।"