উদ্দীপকে বর্ণিত জনাব আশিক সরকারের যে বিভাগে কর্মরত তা হলো আইন বিভাগ।
সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা। দেশের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনসভা আইন প্রণয়ন করে এবং পুরনো আইন পরিবর্তন বা সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আইনসভা প্রয়োজনে সংবিধান সংশোধন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা যায় না। আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। আইনসভা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনয়ন, মুলতুবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাস করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভা কিছু কিছু বিচার সংক্রান্ত কাজও করে থাকে। যেমন- অসদাচরণের অভিযোগে এটি যেকোনো সাংসদের সদস্যপদ বাতিল করতে পারে। এছাড়াও সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন, জনমত গঠন এবং নির্বাচন সংক্রান্ত কাজও আইনসভা করে থাকে।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব আশিক সরকারের এমন একটি পরিষদের নির্বাচিত সদস্য, যেখানে রাষ্ট্রের নীতিমালাসমূহ তৈরি করা হয় এবং অপ্রয়োজনীয় আইনসমূহ বাতিল করা হয়। রাষ্ট্রের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী পাস করা হয়। বাস্তবে গণতান্ত্রিক সরকার উক্ত পরিষদের নিকট তাদের কাজের জন্য দায়বদ্ধ। জনাব আশিকের বিভাগের কার্যক্রম সংসদীয় সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।