উদ্দীপকে আলোচিত সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতন্ত্র বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। গণতান্ত্রিক সরকার গঠিত হয় জনগণের সম্মতির ভিত্তিতে। এ ব্যবস্থায় সরকারের দায়িত্বশীল প্রত্যেককে তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হয়, যা উদ্দীপকের বর্ণনায়ও প্রতিফলিত হয়েছে।
গণতন্ত্র জনপ্রিয় ও উত্তম শাসনব্যবস্থা। গণতন্ত্রকে সফল করতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে- গণতন্ত্রকে সফল করতে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবসম্পন্ন হওয়া। তাদেরকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। নাগরিকদের পরমতসহিষ্ণু হতে হবে। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নাগরিকের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখতে হবে। গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। তাই নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়াও আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ। গণতন্ত্রকে সফল করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং বলা যায়, উল্লিখিত শর্তসমূহ পূরণের মাধ্যমে গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করা যায়।