রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লেখিত বিভাগের অর্থাৎ বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য। যে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্যপ্রবাহ, জনগণকে উন্নত সেবা দান, কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও সাম্য বিরাজ করে তাকে সুশাসন বলে। আর বিচার বিভাগ উক্ত বিষয়গুলো নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে বিচার কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ফলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আইনের দৃষ্টিতে সকলের সমান বিষয়টি বিচার বিভাগের কার্যক্রমে বাস্তব রূপ লাভ করে। আর আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠাট অপরিহার্য উপাদান। বিচার বিভাগ সরকারের প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কার্যকর ভূমিকা পালন করে। গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে বিচার বিভাগের ভূমিকা তাৎপর্যপূর্ণ। বিচার বিভাগ আইন ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করে গণতন্ত্রকে সুসংহত করে। সরকার বা কোনো প্রতিষ্ঠান কোন নাগরিকের মৌলিক অধিকারের অন্যায় ভাবে হস্তক্ষেপ করলে বিচার বিভাগ তা প্রতিহত করে। এছাড়াও বিচার বিভাগ সংবিধান ও আইনের ব্যাখ্যা দান, বিচার বিভাগীয় সমীক্ষা, রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিরোধ মীমাংসা, তদন্ত সংক্রান্ত কাজ করার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।