উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ পাঠ্যপুস্তকের যুক্তিবিদ্যা এবং দৃশ্যকল্প-২ এ নীতিবিদ্যার ব্যবসায় ও পেশাগত বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। নিম্নে উভয় বিষয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য বিশ্লেষণ করা হলো-
যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান। সুশৃঙ্খল নিয়ম- কানুন প্রয়োগের মাধ্যমে প্রকৃত সত্য আবিষ্কার করা যুক্তিবিদ্যার কাজ। যেমন- মানুষ হয় মরণশীল। এ বাক্যটি মানুষের মরণশীলতার ওপর নির্ভর করে। প্রকৃতপক্ষে, পৃথিবীর কোনো মানুষ অমর নয়। সুতরাং এ যুক্তিটি সত্য। আর নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। কল্যাণ হচ্ছে নীতিবিদ্যার আদর্শ। এটি মানুষের বিভিন্ন কাজকে উচিত-অনুচিত অর্থে মূল্যায়ন করে থাকে। যেমন- ব্যবসায়ের ক্ষেত্রে ওজনে কম দেওয়া অনৈতিক কাজ। বস্তুত যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতি আবিষ্কার তথা ঘটনার সত্যতা নির্ণয় করে। যা একটি মানসিক প্রক্রিয়া। অন্যদিকে, নীতিবিদ্যা আমাদের আচরণের ভালো-মন্দ দিক মূল্যায়ন করে থাকে।
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মি. রহমানের যেকোনো বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা, কারো বক্তব্যে ভুল থাকলে তা শনাক্ত করে কৌশলে সংশোধন করা হচ্ছে তার মানসিক প্রক্রিয়ার ফল। তিনি চিন্তা বা অনুমানের মাধ্যমে এ কাজ সম্পাদন করেন। সুতরাং, তার এ কর্মকাণ্ড যুক্তিবিদ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। অপরপক্ষে, দৃশ্যকল্প-২ এ মি. জামান ব্যবসায়ক্ষেত্রে ক্রেতাদের সাথে ভালো ব্যবহার এবং সীমিত লাভে পণ্য বিক্রি করে থাকেন। তার এ কর্মকাণ্ডে নৈতিকতার দিকটি প্রকাশ পায়। অর্থাৎ এটি তার বাহ্যিক আচরণের প্রতিফলন। এ কারণে মি. জামানের কর্মকাণ্ড নীতিবিদ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।
পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার আলোচ্য বিষয় ভিন্ন। আমরা জানি, চিন্তা একটি মানসিক প্রক্রিয়া এবং আচরণ একটি বাহ্যিক প্রক্রিয়া। উদ্দীপকে মি. রহমানের কাজটি অনুমান নির্ভর। আর মি. জামানের কাজটি আচরণ নির্ভর। এ কারণে তাদের মধ্যে বিষয়গত পার্থক্য বিদ্যমান।