গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বহুবিধ দায়িত্ব পালন করে থাকেন।
বাংলাদেশ সরকারের নামসর্বস্ব প্রধান হলেন রাষ্ট্রপতি। শাসনতন্ত্রে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের শাসন বিভাগীয় সকল কার্যাবলি রাষ্ট্রপতির নামে পালন করা হবে। রাষ্ট্রপতি সংসদে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে প্রধানমন্ত্রীরূপে নিয়োগ করবেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহেরও প্রধান। তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, সরকারি কর্মকমিশনের প্রধান ও সদস্যবৃন্দ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রমুখদের নিয়োগ ও তাদের কার্যাবলির বিধি-বিধান নিয়ন্ত্রণ করবেন।
রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও সংসদ ভেঙ্গে দিতে পারেন। জাতীয় সংসদের অধিবেশন মুলতবি থাকাকালে রাষ্ট্রপতি যেকোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য অর্ডিন্যান্স জারি করতে পারবেন। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট
বিভাগের বিচারপতিদের নিয়োগ দান করেন। কোনো আদালত বা অন্যকোনো কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা হ্রাস বা মওকুফ করতে পারেন। তার অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশের দেওয়া সম্মান বা পদবি গ্রহণ করতে পারে না। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তিনি প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও বিচারপতিদের শপথবাক্য পাঠ করান।
উপরের উল্লিখিত কার্যাবলি ছাড়াও রাষ্ট্রপতি আরো অনেক দায়িত্ব পালন করে থাকেন।