আইনের শাসন প্রতিষ্ঠায় জনাব রায়হানের বিভাগটি অর্থাৎ জেলা প্রশাসন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলার যাবতীয় কার্যাবলি সম্পাদনে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসককে কেন্দ্র করেই সমগ্র জেলার প্রশাসন পরিচালিত ও আবর্তিত হয়। জেলার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব জেলা প্রশাসনের ওপর ন্যস্ত। ১৮৬১ সালের পুলিশ আইন এবং ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশন্স অনুযায়ী অপরাধ দমন কার্যক্রমে পুলিশ বিভাগের ওপর জেলা প্রশাসনের সাধারণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটি দায়িত্ব পালন করে থাকে। তারা অপরাধ প্রবণতা হ্রাসে উদ্যোগ এবং গুরুতর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে।
জেলা প্রশাসন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাপূর্বক জনজীবনে স্বস্তি আনয়ন করে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে নতুন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব সচিবালয়ে প্রেরণ করে জেলা প্রশাসন। এছাড়াও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিস্থিতি, প্রাণহানি, দুর্ঘটনা, দুর্যোগ ইত্যাদি বিষয়ে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষণিক প্রতিবেদনও প্রেরণ করে জেলা প্রশাসন। জরুরি পরিস্থিতির সময় জনশৃঙ্খলা বিধানের দায়িত্ব পালন করে জেলা প্রশাসন। এ প্রতিষ্ঠান সন্ত্রাস দমন এবং চোরাকারবার, মাদকব্যবসা ইত্যাদি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে । এ ছাড়াও নারী ও শিশু নির্যাতন রোধ এবং বাল্য বিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জেলা প্রশাসন।
উপরের আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।