সংবিধানের ১৪০ ও ১৪১ নং অনুচ্ছেদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যাবলি সম্পর্কে বিধানাবলি সন্নিবেশিত আছে।
উদ্দীপকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ কমিশন নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ হচ্ছে প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করা। রাষ্ট্রপতি কোনো বিষয়ে পরামর্শ চাইলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্পর্কে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করবেন। কর্ম কমিশন প্রতিবছর মার্চ মাসের প্রথম দিবসে বা তার পূর্বে পূর্ববর্তী ৩১ ডিসেম্বরে সমস্ত এক বছরের স্বীয় কার্যাবলি সম্পর্কে রিপোর্ট প্রস্তুত করবে এবং তা রাষ্ট্রপতির নিকট পেশ করবে। রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট ও স্মারকলিপি জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন।
কমিশন নিম্নলিখিত ক্ষেত্রসমূহে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করবেন: ক. প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা এবং উক্ত কর্মে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি; খ. প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান, পদোন্নতি এবং উক্ত কর্মের এক শাখা হতে অপর শাখায় স্থানান্তর ও বদলিকরণ এবং এর জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতি ও বিষয়াদি; গ. প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীদের কার্যকাল, চাকরির শর্তাবলি এবং অবসর ভাতা সম্পর্কিত বিষয়াদি; এবং ঘ. প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলা সম্পর্কিত বিষয়াদি।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের সরকারি কর্মে নিয়োগসংক্রান্ত সকল কাজ করে থাকে।