উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচির সাদৃশ্য আছে।
ছয় দফা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত বাঙালির অধিকার আদায়ের ৬টি গুরুত্বপূর্ণ দাবি সংবলিত একটি কর্মসূচি। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব বাংলার জনসাধারণের ওপর নানা অবিচার, শোষণ ও অগণতান্ত্রিক আচরণ শুরু করে। তারা বেসামরিক ও সামরিক চাকরি, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতিসহ সব ক্ষেত্রে পাহাড়সম বৈষম্য সৃষ্টি করে। বাঙালিরা এক সময় এ বৈষম্য অবসানের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকারের দাবিকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক রাজনৈতিক সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। উদ্দীপকে দেখা যায়, একটি রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর একটি অঞ্চলের জনগণ শাসকগোষ্ঠীর কাছ থেকে বিভিন্ন বৈষম্যের শিকার হয়। ফলে তাদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এক পর্যায়ে তাদের জনপ্রিয় নেতা শাসকগোষ্ঠীর কাছে কিছু দাবি পেশ করেন। বঙ্গবন্ধুর উত্থাপিত ৬ দফা কর্মসূচিতে উদ্দীপকের এ ঘটনারই প্রতিফলন লক্ষ করা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। ছয় দফা দাবি ছিল মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি এবং পূর্ব বাংলার জনগণের প্রাণের দাবি।