উদ্দীপকে বাংলাদেশকে শৃঙ্খলমুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকের তথ্যানুযায়ী, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন- শোষণের হাত থেকে বাংলাদেশকে শৃঙ্খলমুক্ত করতে একজন মহান নেতার আবির্ভাব ঘটে। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। কেননা তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব বাংলার জনসাধারণের ওপর নানা অত্যাচার, অবিচার, শোষণ ও বঞ্চনা শুরু করে । তারা বেসামরিক ও সামরিক চাকরি, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতিসহ সব ক্ষেত্রে পাহাড়সম বৈষম্য সৃষ্টি করে। বাঙালিরা একসময় এ বৈষম্য অবসানের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকারের দাবিকে সামনে রেখে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ হতে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। পাকিস্তানের শাসনকাঠামোতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবির পটভূমিকায় ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ছয় দফা দাবি ছিল মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি।