উদ্দীপকে/ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানটিতে হবে লাহোর প্রস্তাব । ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়ে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে উত্থাপিত প্রস্তাবনাই হচ্ছে লাহোর প্রস্তাব। ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তানের লাহোরে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সর্বভারতীয় মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এ প্রস্তাবটি উত্থাপন করেন। বস্তুতপক্ষে, ভারতের মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শগত পার্থক্যের ফল ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাব। এ প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' হিসেবেও অভিহিত করা হয়।
লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো হলো-
১. ভৌগোলিক দিক হতে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক পৃথক অঞ্চল হিসেবে গণ্য করা হবে। ২. ভারতবর্ষের উত্তর-পশ্চিম এবং পূর্বভারতের যেসব এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তাদের সমন্বয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হবে। ৩. এভাবে গঠিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসিত হবে। ৪. ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সাথে পরামর্শক্রমে তাদের শাসনতান্ত্রিক, সাংস্কৃতিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। ৫. দেশের যেকোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। ৬. অঞ্চল বা প্রদেশগুলো নিজেদের এলাকার প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী হবে।