উদ্দীপকের ছকে প্রদর্শিত বৈশিষ্ট্যগুলো ১৯৪০ সালের ২৩ মার্চ উত্থাপিত ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' কে নির্দেশ করে, যা শেরে বাংলা এ. কে. ফজলুল হক উপস্থাপন করেছিলেন।লাহোর প্রস্তাবের মূলভিত্তি ছিল জিন্নাহর 'দ্বিজাতি তত্ত্ব', যেখানে বলা হয়েছিল ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। উদ্দীপকের ছকে উল্লিখিত তারিখ, দ্বিজাতি তত্ত্ব এবং উপস্থাপকের নাম সরাসরি এক যুগান্তকারী রাজনৈতিক প্রস্তাব 'লাহোর প্রস্তাবের' সাথেই 'সংগতিপূর্ণ। এই প্রস্তাবটিই তৎকালীন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের ভিত্তি হিসেবে কাজ করেছিল।লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্য হলো ভৌগোলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত এলাকাগুলোকে অঞ্চল হিসেবে চিহ্নিত করা। এ প্রস্তাবে উল্লেখ করা হয় যে, নবগঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো হবে পূর্ণ স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। এছাড়া, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য সংবিধানে কার্যকর রক্ষাকবচের ব্যবস্থা রাখাও ছিল এই প্রস্তাবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।