নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য যা বিদ্যমান তাকে জনমত বলে।সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে বোঝায়।এদিক থেকে সমাজের বেশিরভাগ জনগণের মতামতকে জনমত বলে অভিহিত করা যায়। তবে পৌরনীতিতে সংখ্যাগরিষ্ঠের মতামতকে কিংবা জনসাধারণের সকল গোষ্ঠী বা শ্রেণির মতামত জনমত হিসেবে বিবেচিত হয় না। পৌরনীতিতে জনগণের প্রভাবশালী, ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত, কল্যাণকর এবং সৎ উদ্দেশ্য প্রণোদিত মতামতকে কেবল জনমত বলে অভিহিত করা যায়। উদ্দীপকেও নাগরিক ইচ্ছার প্রতিফলন যাচাই করার জন্য জনমতের কথা বলা হয়েছে। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশ যাবতীয় সংবাদ জানতে পারে, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনগুলো পত্র-পত্রিকা, প্রচার পত্র ও প্রচার মাধ্যমে জনমত সংগঠনে সচেষ্ট থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীগণ সভা-সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করেন, যা জনমত গঠনে ভূমিকা রাখে। বাস্তবধর্মী ও চেতনামূলক ছায়াছবি, সংবাদ পর্যালোচনা, সমীক্ষা, টক শো প্রভৃতি প্রচার করে রেডিও-টেলিভিশন সুষ্ঠু জনমত সংগঠনে ভূমিকা রাখে। এছাড়াও রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, পরিবার, ধর্মীয় সংঘ, পেশাভিত্তিক সংঘ তাদের কার্যক্রমের মাধ্যমে জনমত সংগঠনে ভূমিকা রাখে।