উদ্দীপকে উল্লেখিত জরিনা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্তভাবে অপরিহার্য। মানুষের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থার নামই জীবনধারণের অধিকার। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সুবন্দোবস্ত করা এবং কেউ যাতে কারো প্রাণহানি করতে না পারে তার জন্য আইনগত ও শস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। সামাজিক অনুকূল পরিবেশে বসবাসের মাধ্যমে জীবনকে উন্নত করার মধ্যে জীবনধারণের অধিকার নিহিত।
উদ্দীপকের তথ্যানুযায়ী, ভিক্ষুক জরিনার থাকার কোনো জায়গা নেই। সারাদিন ভিক্ষা করে রাতে কমলাপুর রেলস্টেশনে সে আশ্রয় নেয়। ভিক্ষা করে যা পায় তা দিয়ে কোনোরকমে জীবনযাপন করে। তার চিকিৎসা ও বস্ত্রের কোনো নিশ্চয়তা নেই। এ থেকে বোঝা যায়, জরিনা জীবনধারণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের জরিনা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।