গণতান্ত্রিক রাষ্ট্রে মৌলিক অধিকার ও মানবাধিকারের গুরুত্ব অপরিসীম। মানবাধিকার ও গণতন্ত্রের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানবাধিকার জাতি-ধর্ম- বর্ণ, নারী-পুরুষ, ধনী-নির্ধন, দলমত নির্বিশেষে সকল মানুষকে সমান অধিকার ভোগের সুযোগ প্রদান করে। অপরদিকে, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতন্ত্রে সকল মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। মানবাধিকার সকল মানুষকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ দান করে। মানবাধিকার মতামত প্রকাশের এবং ব্যক্তিত্ব বিকাশের অনুকূল পরিবেশও গড়ে তোলে। এর ফলে গণতন্ত্র সফল ও সার্থক হয়ে ওঠে।
গণতান্ত্রিক রাষ্ট্রে মৌলিক অধিকারগুলো সংবিধানে সন্নিবেশিত থাকে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র অকুণ্ঠ শ্রদ্ধা পোষণ করে। এর ফলে কোনো রাষ্ট্রই জনগণের অধিকার নস্যাৎ করার কোনো অশুভ উদ্যোগ গ্রহণ করতে পারে না।