রাজনৈতিক অধিকার নাগরিকের অন্যান্য অধিকার ভোগের ক্ষেত্রে অধিকতর গুরুত্ব বহন করে— উক্তিটি যথার্থ।
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকার তিন প্রকার। যথা: ১. সামাজিক ২. রাজনৈতিক ও ৩, অর্থনৈতিক অধিকার। সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্ত অপরিহার্য। যেমন- জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার ইত্যাদি। আর রাজনৈতিক অধিকার হলো সেসব অধিকার যেগুলোর মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। ' ভোট প্রদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, আইনসভার সদস্য হওয়ার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। আর কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, অবকাশ লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকার হিসেবে স্বীকৃত।
উল্লিখিত তিন ধরনের অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক অধিকার ভোগ এসব অধিকারের মধ্যে অধিক গুরুত্ব বহন করে। কেননা রাজনৈতিক অধিকার ভোগের মাধ্যমেই একজন ব্যক্তি রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিগণিত হয়। একজন বিদেশি অন্যান্য অধিকার ভোগ করলেও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। রাজনৈতিক অধিকারই ব্যক্তিকে রাষ্ট্রে নাগরিকের মর্যাদা প্রদান করে । উপরের আলোচনার ভিত্তিতে তাই বলা যায়, রাজনৈতিক অধিকার নাগরিকের অন্যান্য অধিকার ভোগের ক্ষেত্রে অধিকতর গুরুত্ব বহন করে।