উক্ত বিভাগ তথা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নানাবিধ উপায়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।
গণতান্ত্রিক সরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোনো বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসনব্যবস্থার উৎকর্ষতার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণরাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা একটি গুরুদায়িত্ব। এ বিভাগের স্বাধীনতা রক্ষায় যেসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে হয় সেগুলো হলো- বিচারপতিদের যোগ্যতা, বিচারকদের নিয়োগ পদ্ধতি, বিচারপতিদের সম্মানজনক বেতন-ভাতার ব্যবস্থা করা, বিচারকদের কার্যকাল, অন্যান্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা, জনসাধারণের সদিচ্ছা ইত্যাদি। ন্যায়পরায়ণ, সুযোগ্য ও আইনজ্ঞ বিচারক নিয়োগদানের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাদের নিয়োগ পদ্ধতিতেও স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। তাদেরকে এমন বেতন-ভাতা প্রদান করতে হবে যাতে তারা ঘুষের প্রলোভনে আকৃষ্ট না হয় এবং সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। বিচারকদের কার্যকাল শেষ হওয়ার আগে তাকে বরখাস্ত করা যাবে না। তবে গুরুতর অপরাধ বা দুর্নীতির দায়ে অভিযুক্ত বিচারপতিকে সাংবিধানিক উপায়ে বরখাস্ত করা যাবে। সর্বোপরি, বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। এসব উপায় অবলম্বন করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।