উদ্দীপকের সর্বশেষ বাক্যটি যথা 'রাষ্ট্রের এই বিভাগটি তথা আইন বিভাগ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে'- উক্তিটি যথার্থ।
আইন বিভাগের প্রধান কাজ হলো আইন প্রণয়ন। আইন বিভাগের প্রণীত আইনের ভিত্তিতে শাসন বিভাগ শাসন ও বিচার বিভাগ বিচার কাজ করে থাকে। আইনের ও সংবিধানের সংশোধন করে জাতির আশা-আকাঙ্ক্ষার সাথে দেশকে আধুনিকায়ন করে আইন বিভাগ।
আইন বিভাগের প্রথম ও প্রধান কাজ আইন প্রণয়ন হলেও এ বিভাগটির কিছু শাসনসংক্রান্ত কাজও রয়েছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। এতে শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। আইন বিভাগ শুধুমাত্র বাজেট নির্ধারণ করেই ক্ষান্ত হয় না। সরকারের আর্থিক আয়-ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি এটি করারোপ ও ব্যয় বরাদ্দকরণের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। আবার আইন বিভাগ সরকারি নীতিমালাও প্রণয়ন করে। সরকার কী করবে, সরকারি নীতি কী হবে প্রভৃতি বিষয়াদির সাথে আইন বিভাগের কাজ সংশ্লিষ্ট থাকে। আইনসভা জনমত গঠন করতে সহায়ক ভূমিকা পালন করে। আইনসভায় জনপ্রতিনিধিগণ বিতর্ক আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে সরকারের নিকট জনগণের দাবিদাওয়া তুলে ধরে। তাছাড়া আইন বিভাগের হাতে নির্বাচন ক্ষমতাও রয়েছে। বাংলাদেশ ও ভারতে আইনসভা রাষ্ট্রপতি নির্বাচন করে। আইন বিভাগ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধান ও তল্লাশি পরিচালনা করে থাকে। আইন বিভাগে আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, সরকারি সিদ্ধান্তের ওপর আলোচনা ও বিতর্ক হয়। এতে করে সুস্থ ও উন্নতমানের আইন ও শাসনসংক্রান্ত নীতি প্রণয়ন করা সম্ভব হয়। এভাবেই আইন বিভাগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
অতএব, বলা যায় আলোচ্য উক্তিটি যথার্থ।