ছকচিত্রের B চিহ্নিত স্থানে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়।
গঠন ও কার্যাবলির ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা-১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। এক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি ও - প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক শাসক গঠিত হয়। তারা নীতি নির্ধারণের কাজ করেন। তারা তাদের সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করেন।