বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার প্রকৃত নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। তিনি আফ্রিকা মহাদেশের মরক্কোর অধিবাসী ছিলেন। তিনি ১৩০৪ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি আফ্রিকার তাঞ্জিয়ারে জন্মগ্রহণ করেন। ২১ বছর বয়সে তিনি বিশ্বভ্রমণের বের হন এবং উত্তর আফ্রিকা, আরব, পারস্য, কনস্ট্যান্টিনোপল, ভারত, বাংলা, সিংহল, মালয় দ্বীপপুঞ্জ প্রভৃতি দেশ ভ্রমণ করেন। ইবনে বতুতা ১৩৩৩ খ্রিষ্টাব্দে তুঘলক বংশের শাসক মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে আগমন করেন এবং দিল্লির সুলতান তাকে সাদরে গ্রহণ করেন। তিনি বিখ্যাত সুফি সাধক হযরত শাহ জালালের (র) সাথে সাক্ষাৎ করেন। ইবনে বতুতার বিখ্যাত ভ্রমণকাহিনি 'রিহালা-ই-ইবনে বতুতা' নামে পরিচিত। তবে সমৃদ্ধিশালী বাংলার ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, বন্যা, মশামাছি, কাদামাটি দেখে তিনি একে 'দোজখপূর্ণ নিয়ামত' বা প্রাচুর্যে পূর্ণ জাহান্নাম বলে অভিহিত করেন। তিনি ১৩৭৭/৭৮ খ্রিষ্টাব্দে ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।