উদ্দীপকে পানিপথের প্রথম যুদ্ধের কথা বলা হয়েছে।
পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে ভারতে তুর্কি আফগান শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। উদ্দীপকে অনুরূপ যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকে দেখা যায়, 'ক' রাজ্যের স্থানীয় শাসনকর্তার আমন্ত্রণ পেয়ে 'প' রাজ্যের শাসক একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথম দিকে 'প' সাম্রাজ্যের শাসককে 'ম' রাজ্যের শাসকের সাথে 'ব' নামক স্থানে একটি যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এই যুদ্ধে 'প' সর্বপ্রথম কামান ব্যবহার করেন এবং 'ম' রাজ্যের শাসককে শোচনীয়ভাবে পরাজিত করেন। এই পরাজয়ের মধ্য দিয়ে 'ম' নামক শাসকের বংশের শাসনের অবসান ঘটে এবং 'প' নতুন রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অনুরূপভাবে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির প্রতি অসন্তুষ্ট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি ও সুলতানের চাচা আমল খান লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। মেবারের রাজা রানা সংগ্রাম সিংহও বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এ অবস্থায় বাবর ১৫২৪ খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করে লাহোর, দিপালপুর এবং ১৫২৫ খ্রিষ্টাব্দে পাঞ্জাব জয় করেন। এরপর তিনি দিল্লির দিকে দৃষ্টি দেন এবং ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথ নামক স্থানে সংঘটিত যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির মুখোমুখি হন, যা ইতিহাস পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয়। ফলে সুলতান ইব্রাহিম লোদি শোচনীয়ভাবে পরাজিত হন। এর মধ্য দিয়ে দিল্লি সালতানাতের ধ্বংসস্তূপের ওপর ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের যুদ্ধের সাথে পানিপথের প্রথম যুদ্ধই সাদৃশ্যপূর্ণ।