উদ্দীপকের সম্রাট বাহাদুর 'ক' অর্থাৎ মুঘল সম্রাট আকবর সাম্রাজ্যের বিশেষ গোষ্ঠীর প্রতি বন্ধুত্বমূলক মনোভাব ও সদয় আচরণের মাধ্যমে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ভারতবর্ষে নবযুগের সূচনা করে।
ঐতিহাসিকরা মনে করেন রাজপুতদের সাথে আকবরের উদার ব্যবহার তার উচ্চ রাজনৈতিক বিচক্ষণতার পরিচায়ক। ঐতিহাসিক মোরল্যান্ড বলেন, “এই নীতির ফলে রাজপুতদের অধিকাংশ সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়েন। যার ফলে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ ৫০,০00 অশ্বারোহী বাহিনীর সেবালাভের অধিকারী হয়েছিলেন।" ভি এ স্মিথ বলেন, “আকবরের বিভিন্ন পদক্ষেপ রাজপুতদের সন্তুষ্ট করতে সক্ষম হয় এবং তারা বাবরের নিকট পরাজয়ের আঘাত সহজেই ভুলে যায়। বিদেশি নয় বরং আকবরকে 'জাতীয় নরপতি' হিসেবে মেনে নিয়ে রাজপুতরা মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানে সহযোগিতা করে।"
রাজপুতদের প্রতি সম্রাটের বন্ধুত্বমূলক মনোভাব ও সদয় আচরণ ভারতে মুসলমান শাসনের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। এর ফলে রাজ্য বিস্তার ও রাজ্য শাসন-এর ব্যাপারে এবং এদেশে সামাজিক, সাংস্কৃতিক, সামরিক ও অর্থনৈতিক উন্নতি ও প্রগতির ক্ষেত্রে রাজপুতদের অবদান অনস্বীকার্য। প্রকৃতপক্ষে রাজপুতদের প্রতি উদার আচরণের দ্বারাই সম্রাট আকবর প্রজাদের সর্বজনীন আতিথ্য পেয়েছিলেন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তিমূল সুদৃঢ় করেছিলেন। এ নীতির সূত্র ধরেই তিনি 'মহান' আখ্যায় ভূষিত হয়েছিলেন।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, সম্রাট আকবর রাজপুত নীতির মাধ্যমে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে সমর্থ হয়েছিলেন। এর ফলে ভারতে হিন্দু-মুসলিম সুম্পর্কের নতুন যুগের সূচনা হয়।