সম্রাট শাহজাহান স্থাপত্য শিল্পের ক্ষেত্রে অপরিসীম কৃতিত্বের অধিকারী।
ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা। ঐতিহাসিকেরা তাকে স্থাপত্যের রাজপুত্র' বলে অভিহিত করেছেন। তার সময়ে স্থাপত্যশিল্পের উৎকর্ষতার কারণে তার রাজত্বকালকে ঐতিহাসিকগণ মুঘল শাসনের 'স্বর্ণযুগ' বলে আখ্যায়িত করেন ।
সম্রাট শাহজাহান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যশিল্প ভারতের আগ্রায় অবস্থিত 'তাজমহল' নির্মাণ করেন। এর স্থাপত্যিক উপকরণের সুবিন্যাস, অলংকরণের সূক্ষ্মতা ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। সম্রাট শাহজাহানের শিল্পানুরাগের আরেকটি অপূর্ব নিদর্শন হলো 'ময়ূর সিংহাসন'।
সম্রাট শাহজাহান আগ্রা দুর্গে দেওয়ান-ই-আমের উত্তরে শ্বেতপাথর দ্বারা মতি মসজিদ নির্মাণ করেন। তাছাড়া তিনি দিল্লিতে সুরক্ষিত লাল কেল্লা নির্মাণ করেন। দিল্লির জামে মসজিদ তার অন্যতম এক কীর্তি। সম্রাট শাহজাহানের সময় নির্মিত শিশমহল ও জুঁইমহল ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুশোভিত রাজকীয় আবাসগৃহ। আগ্রা দুর্গের অভ্যন্তরে তিনি মুসাম্মাম বুরুজ নামে অপূর্ব সুন্দর একটি প্রকোষ্ঠ তৈরি করেন। তাছাড়া সম্রাট শাহজাহান দিল্লি, আগ্রা, লাহোর, কাবুল, কাশ্মির, আজমির ও আহমেদাবাদের সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করেন। এ ছাড়া নিজামউদ্দিন আউলিয়ার মাজার, লওখাল, খাওয়ারগাহ, শালিমার উদ্যান প্রভৃতি তার স্থাপত্যশিল্পের অপূর্ব নিদর্শন ।
পরিশেষে বলা যায়, সম্রাট শাহজাহানও স্থাপত্যশিল্পে অনন্য অবদান রেখেছেন