উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর: ক্রিয়াপদ কাকে বলে: যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন : বাবা এসেছেন । ঘড়িতে দশটা বাজে। আমি অঙ্ক করছি। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুইভাবে ভাগ করা যায়। ১. সমাপিকা ক্রিয়া : যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন : সেতু স্কুলে যায়। বিথু গান গায় ৷ ২. অসমাপিকা ক্রিয়া : যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন : আমি বাড়ি গিয়ে, সে বই নিয়ে। এখানে 'গিয়ে', 'নিয়ে' ক্রিয়ার দ্বারা কথা শেষ হয় নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই। যেমন : আমি বাড়ি গিয়ে খাব । সে বই নিয়ে পড়তে বসেছে।সুতরাং, 'গিয়ে', 'নিয়ে' হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর 'খাব', 'বসেছে' এগুলো সমাপিকা ক্রিয়া ৷ এছাড়াও আরও কয়েক রকম ক্রিয়াপদ হয়ে থাকে। যেমন- ৩. সকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন : স্বপন চিঠি লিখছে। কাঞ্চন বই পড়ছে। ৪. অকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন : স্বপন লিখছে। কাঞ্চন পড়ছে। ৫. দ্বিকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন : শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন। মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন । ৬. প্রযোজক ক্রিয়া : যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন : মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন। সাপুড়ে সাপ খেলায়। ৭. যৌগিক ক্রিয়া : একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন :সে পাস করে গেল। সাইরেন বেজে উঠল।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর